সিলেট

গোয়াইনঘাটে বিপুল পরিমান ভারতীয় এসকাফ সিরাপসহ যুবক আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৭:০৩

গোয়াইনঘাটে বিপুল পরিমান ভারতীয় এসকাফ সিরাপসহ যুবক আটক

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ESkuf) কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় অপর এক আসামি পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. হামিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বগাইয়া হাওর মধ্যপাড়ার মৃত শাহ আলমের ছেলে মো. এনামুল হক (১৯)-কে তার বসতঘর থেকে আটক করা হয়। এ সময় মনাইকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জাবেদ (২৬) কৌশলে পালিয়ে যায়।

আটককৃত এনামুল হকের হেফাজত থেকে ১৭০ বোতল কর্কযুক্ত ভারতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি ১০০ মিলিলিটার ধারণক্ষমতার বোতলে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত সিরাপ ছিল। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ১৭ লিটার এবং জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার আটককৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন