রাজনীতি

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৩:০৮

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সকাল থেকেই রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন। অনেককে ছাতা মাথায় নিয়ে অবস্থান করতে দেখা যায়।

কেউ বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নিচে, আশপাশের ভবনের নিচে কিংবা বায়তুল মোকাররম মসজিদের ভেতরে আশ্রয় নেন। বৃষ্টি কিছুটা কমলে আবার তারা সমাবেশস্থলে ফিরে আসেন।

সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘গণভোটের রায় বাস্তবায়ন চাই’, ‘কালচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘সংবিধান সংস্কারে দেরি কেন?’, ‘জুলাই নিয়ে ছিনিমিনি চলবে না’সহ নানা স্লোগান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন দাবি-দাওয়া, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সমাবেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা দেখা গেছে।

রাজনীতি থেকে আরো পড়ুন