পর্যটন

সুনামগঞ্জে হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি নির্দেশনা জারি

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১০:৩১

সুনামগঞ্জে হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি নির্দেশনা জারি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান পরিচালনায় ১১ দফা জরুরি নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। একইসঙ্গে আগামী ১০ আগস্টের মধ্যে সব হাউসবোট, পর্যটকবাহী নৌযান ও ট্যুর অপারেটরকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫-এর আলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-এর অভ্যন্তরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ এবং চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিটি হাউসবোটে পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং ভ্রমণ শুরুর আগে তা পর্যটকদের অবহিত করতে হবে। নৌযানে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার কিংবা কোনো ধরনের পার্টির আয়োজন করা যাবে না। এ নির্দেশনা লঙ্ঘন করলে
 তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপদ পানীয় জলের জন্য প্রতিটি হাউসবোটে পানি বিশুদ্ধকরণ ফিল্টার রাখতে হবে। একইসঙ্গে হাউসবোটের সর্বোচ্চ দৈর্ঘ্য ১০০ ফুট নির্ধারণ করা হয়েছে।

পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং, অগ্নিনির্বাপক যন্ত্র এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাসপাতালের জরুরি যোগাযোগ নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিটি হাউসবোটে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক স্থাপন এবং অন্তত দুটি ডাস্টবিন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের বর্জ্য হাওর বা জলাশয়ে ফেলা যাবে না। প্রতিটি ট্যুরে বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব মালিক ও ট্যুর অপারেটরদের ওপর ন্যস্ত করা হয়েছে।

এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ আগস্ট ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক, সুনামগঞ্জ বরাবর তালিকাভুক্তি ও নিবন্ধনের আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট হাউসবোট, নৌযান বা ট্যুর অপারেটরকে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পর্যটন থেকে আরো পড়ুন