সিলেট

সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ১৬:৪০

সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯ সূত্র জানায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন চিনাকান্দি বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে, উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪০ বোতল (মোট ১৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন, মো. আহাদ মিয়া (৩২)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলা গ্রামের মৃত ওসমান গণির ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন