সিলেট

সিলেট হাম ও রুবেলার উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১১০ 

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ১১:৫১

সিলেট হাম ও রুবেলার উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১১০ 

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগের প্রতিবেদন-২০২৬’ থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২১৩ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৩৩ জন এবং সুনামগঞ্জে ৩২৭ জন শনাক্ত হয়েছেন।
 
গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮৬ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শাহাপুর এলাকার। তার বয়স ছিল ১ বছর ১১ মাস। তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন। এর মধ্যে ১০৪ জন সন্দেহভাজন এবং ৬ জন পরীক্ষাগারে নিশ্চিত হামে মারা গেছেন।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

সিলেট থেকে আরো পড়ুন