মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে একটি একনলা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর উপজেলার শমশেরনগর বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ির পুলিশ জানতে পারে, শমশেরনগর বাজারের রাজমহল রেস্তোরাঁর সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযানে যায়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা পাইপগান উদ্ধার করে।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, পাইপগান বিক্রির প্রচেষ্টায় শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩) জড়িত ছিলেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন আরও জানান, অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কমলগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে চিহ্নিত করা গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন