সংবাদ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব

প্রেস বিজ্ঞপ্তি :

প্রেস বিজ্ঞপ্তি :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৯:২৪

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব

ছবি সংগৃহীত :

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিবেশ ক্লাব আয়োজিত ‘সিলেট পরিবেশ সম্মেলন-২০২৬’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ স্বীকৃতি প্রদান করা হয়।

 

 

 

গত ১৬ মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী, গবেষক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

সম্মেলনে সিলেট বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা, প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী, প্রবন্ধ লেখা, ফটোগ্রাফি, পোস্টার উপস্থাপনা, ওয়াল ম্যাগাজিন প্রদর্শনী এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ পরিবেশভিত্তিক নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ পরিবেশ বিষয়ে জ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, বাংলাদেশের অন্যতম জীববৈচিত্র্যসমৃদ্ধ অঞ্চল সিলেট জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবের মুখোমুখি। এ বাস্তবতায় সিলেটকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের একটি পরিবেশ সম্মেলনের আয়োজন এবং তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন অঞ্চলটির পরিবেশভিত্তিক গবেষণা, উদ্যোগ ও তরুণদের সম্পৃক্ততায় নতুন অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে এটি দেশের উত্তর-পূর্বাঞ্চলকে পরিবেশ ও জলবায়ুবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় আরও দৃশ্যমান করে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি সফল আয়োজনের স্বীকৃতি নয়; বরং দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক তরুণদের নেতৃত্বে পরিচালিত পরিবেশ আন্দোলনের সক্ষমতা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবেরও আন্তর্জাতিক স্বীকৃতি। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে আরও কার্যকর পরিবেশ উদ্যোগ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

এ অর্জনের জন্য পরিবেশ অধিদপ্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহযোগী প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা, সম্মানিত অতিথি, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব।

আয়োজকরা আরও জানান, আগামী বছরগুলোতে ‘সিলেট পরিবেশ সম্মেলন’ আরও বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশ শিক্ষা, গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তরুণদের সক্ষমতা উন্নয়নকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের মতে, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিত করতে তরুণদের নেতৃত্ব, বৈজ্ঞানিক জ্ঞান এবং সম্মিলিত উদ্যোগই ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। এই আন্তর্জাতিক স্বীকৃতি সেই পথচলাকে আরও বেগবান করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক পরিবেশ আন্দোলনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন