সিলেট

মৌলভীবাজারে ১ দিনে বিশাল ২টি অজগর উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৪:১৪

মৌলভীবাজারে ১ দিনে বিশাল ২টি অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পৃথক পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাকৃতিক বনে পুনরায় ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের ৫ নম্বর পুল এলাকায় বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। সাপটি দৈর্ঘ্যে ১৮ ফুট লম্বা ও ওজন আনুমানিক ৩৫ কেজি।

পরে সেটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় ওই এলাকার ওয়াসিম মিয়া অজগর সাপটি দেখতে পান।

মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। এত বড় সাপ দেখে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এসময় কিছু মানুষ সাপটিকে মেরে ফেলতে চাইলে সচেতন কয়েকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পেয়ে রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাসকে সঙ্গে নিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ কেজি।
 
স্বপন দেব সজল বলেন, সাপ আমাদের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির ক্ষতি না করে উদ্ধারকারী সংস্থাকে খবর দিন।

এদিকে, মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী চা জনপদ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সকালে চা বাগানের শ্রমিকরা হঠাৎ করে এই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অবশেষে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করতে থাকেন।

বন্যপ্রাণী উদ্ধারকারী চঞ্চল গোয়ালা জানান, ফুলবাড়ি চা বাগানের ম্যানেজার আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে, চা পাতা চয়ন করার সময় চা শ্রমিকরা অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে।

তিনি বলেন, সাপটিকে উদ্ধার করার কথা বললে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং গিয়ে উপস্থিত সবাইকে বলি যে– ভয় না পাওয়ার জন্য। আরও বলি– ‘অজগর সাপ আমাদের বন্ধু। চা বাগানের ভেতর গেছো ইঁদুর ও ধানক্ষেতের ইঁদুর খেয়ে অজগর আমাদের অনেক উপকার করে থাকে। এরা একটি নির্বিষ প্রজাতির সাপ।’

পরে বন বিভাগের দিকনির্দেশনায় এ সাপ দুটিকে প্রাকৃতিক বনে রেসকিউ করা হয়।

সিলেট থেকে আরো পড়ুন