ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বায়েজিদে একটি নালা থেকে বস্তাবন্দি বিপুল বুলেট উদ্ধার করা হয়েছে। বস্তায় প্রায় ১ হাজার ৩৫০টি বুলেট ছিল। তবে পুলিশ জানিয়েছে, এগুলো পূর্ণাঙ্গ কোনো গুলি নয় এবং বর্তমানে এগুলো ব্যবহারের উপযোগীও নয়।
শনিবার (২৫ জুলাই) বেলা ২টার দিকে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেট সংলগ্ন নালা পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা একটি বস্তা দেখতে পান। পরে খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি জব্দ করে।
স্থানীয়রা জানায়, দুপুর থেকে নালা পরিষ্কারের কাজ করছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। একপর্যায়ে তারা নালাতে একটি বস্তা দেখতে পান। বস্তাটি নালা থেকে তুলে খুলে দেখতেই তাতে বিপুল পরিমাণের বুলেট দেখতে পান।
বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, এগুলো মূলত খোসাবিহীন বুলেটের সামনের অংশ। কে বা কারা এগুলো ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, উদ্ধার হওয়া বস্তাটিতে মোট ১ হাজার ৩৫০টি বুলেটের অংশবিশেষ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২৩০টি ছোট আকারের এবং ১২০টি বড় আকারের।
তিনি আরও বলেন, এগুলো আসলে বুলেটের অগ্রভাগ মাত্র, যা পূর্ণাঙ্গ বুলেটের একটি অংশ। এগুলো পূর্ণাঙ্গ বুলেট নয়, কেবল বুলেটের সামনের অংশ। এতে পারকিউশন বা পেছনের অংশ নেই, তাই এগুলো বর্তমানে ব্যবহারযোগ্য নয়।
ডিসি হাসান মোস্তফা স্বপন বলেন, উদ্ধার হওয়া বড় আকারের বুলেটগুলো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের উপযোগী নয়। একে৪৭ এর গুলি ৭.৬২, কিন্তু এগুলো সেটার চেয়ে বড় আকারের। বড় বুলেটগুলো দেখে অনেকটা সামরিক বাহিনীর ব্যবহৃত বলে মনে হয়। তবে এগুলো কোনো থানা থেকে লুট হওয়া মালামাল নয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন