প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ১৫:১৬
ছবি: সংগৃহীত
বর্ষা এলেই বাড়ে সর্দি-কাশি, পেটের সমস্যা এবং নানা ধরনের সংক্রমণের ঝুঁকি। এ সময় আর্দ্র আবহাওয়ার কারণে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সুস্থ থাকতে শুধু পরিচ্ছন্নতা নয়, প্রতিদিনের খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কিছু নির্দিষ্ট সবজি নিয়মিত খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় শাকপাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো। তবে এমন কিছু সবজি রয়েছে, যা এই মৌসুমে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লাউ: লাউ বর্ষার জন্য অন্যতম উপকারী সবজি। এটি সহজে হজম হয়, পেট ঠান্ডা রাখে এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। ওজন নিয়ন্ত্রণেও লাউ কার্যকর। চাইলে লাউয়ের পাশাপাশি চালকুমড়োও খাদ্যতালিকায় রাখতে পারেন।
পটল: পটল আঁশ, ভিটামিন এ এবং ভিটামিন সি-সমৃদ্ধ একটি সবজি। এটি হজমে সহায়তা করে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।
করলা: করলা রক্ত পরিশুদ্ধ রাখতে সহায়তা করে এবং শরীরের শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষাকালে নিয়মিত করলা খেলে সংক্রমণের ঝুঁকিও কমতে পারে।
ঢ্যাঁড়শ: ঢ্যাঁড়শ আঁশ, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি-সমৃদ্ধ একটি সবজি। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। কুন্দরি বা তরুলিও এই মৌসুমে উপকারী খাবারের তালিকায় রাখা যেতে পারে।
কুমড়ো: কুমড়োতে রয়েছে প্রচুর বিটা-ক্যারোটিন, যা সর্দি-কাশির ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি চোখের স্বাস্থ্যের জন্যও উপকারী। বর্ষায় কুমড়োর স্যুপও হতে পারে স্বাস্থ্যকর খাবার।
কচু: কচু অনেকেই এড়িয়ে চললেও এটি পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে আঁশ, পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই। এসব উপাদান হজমে সহায়তা করে এবং হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
মিষ্টি আলু: মিষ্টি আলুও বর্ষাকালে উপকারী একটি খাবার। এতে রয়েছে জটিল শর্করা, আঁশ এবং ভিটামিন এ, যা শরীরে শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের পরামর্শ, বর্ষাকালে শুধু স্বাস্থ্যকর খাবার খেলেই হবে না, সবজি ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার করে রান্না করাও জরুরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুষম খাদ্য গ্রহণ করলে এই মৌসুমে সর্দি-কাশি, পেটের সমস্যা ও বিভিন্ন সংক্রমণ থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব।
লাইফস্টাইল থেকে আরো পড়ুন