খেলাধুলা

রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা, টুখেলে ক্ষুব্ধ ইংল্যান্ডের কিংবদন্তিরা

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ১৩:০৪

রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা, টুখেলে ক্ষুব্ধ ইংল্যান্ডের কিংবদন্তিরা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে ইংল্যান্ডের। ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হওয়ায় কোচ টমাস টুখেলের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা ফুটবলাররা।

ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ওয়েন রুনির মতে, ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর টুখেল অযথাই দলকে রক্ষণাত্মক করে ফেলেন। আক্রমণভাগের খেলোয়াড়দের তুলে ডিফেন্সিভ ফুটবলার নামানোর ফলে পুরো দলের আত্মবিশ্বাসে ধাক্কা লাগে।
 
রুনির মতে, এমন পরিবর্তন খেলোয়াড়দের মনে ভয় তৈরি করে এবং প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেয়।

টুখেলের কৌশলে হতাশ সাবেক গোলরক্ষক জো হার্টও।

তার মতে, এই ম্যাচে ইংল্যান্ডের খেলায় আগের কোচ গ্যারেথ সাউথগেটের অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলের ছাপ স্পষ্ট ছিল। 
হার্ট বলেন, বড় ম্যাচে শুধু লিড ধরে রাখার চেষ্টা না করে আক্রমণ চালিয়ে যাওয়াই উচিত ছিল।

তিনি আরও মনে করেন, টুখেলের দ্রুত পরিবর্তনগুলো প্রমাণ করে তিনি নিজের দলের সামর্থ্যের ওপর পুরোপুরি ভরসা করতে পারেননি।
অন্যদিকে কিংবদন্তি স্ট্রাইকার অ্যালেন শিয়ারারও একই সুরে কথা বলেছেন। তার মতে, টুখেল ম্যাচের অনেকটা সময় ছয়জন রক্ষণভাগের খেলোয়াড় নিয়ে খেলিয়েছেন, যা আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে কার্যকর হয়নি। 

নরওয়ে বা মেক্সিকোর বিপক্ষে এমন পরিকল্পনা সফল হলেও, বল দখলে দক্ষ এবং সুযোগ কাজে লাগাতে পারদর্শী আর্জেন্টিনার বিপক্ষে সেই কৌশল উল্টো ইংল্যান্ডের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

শিয়ারার আরও বলেন, আর্জেন্টিনা সমতায় ফেরার পর ইংল্যান্ডের উচিত ছিল আবার আক্রমণাত্মক হওয়া। কিন্তু টুখেল সেই পথে না হেঁটে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ইংল্যান্ডকে আরেকবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়।

খেলাধুলা থেকে আরো পড়ুন