গণমাধ্যম

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ ১৯:৩৩

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভা করেছেন গোয়াইনঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওমর ফারুক।

শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক বলেন, গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

তিনি আরও বলেন, “গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে আইনি সেবা পান, তা নিশ্চিত করা হবে।”

সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন।

এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং গোয়াইনঘাট থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণমাধ্যম থেকে আরো পড়ুন