ছবি সংগৃহীত :
৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষের এই আবেদনে সোমবার (২৩ নভেম্বর) স্থগিত করে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল কাইয়ুম লিটন।
এর আগে ১৮ নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভর্তি পরীক্ষার ওপর স্থগিতাদেশ দেন।
আদালতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
পরে তিনি সাংবাদিকদের বলেন, এবার প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে ফেল করেছে।
যেহেতু তারা দুটি বিষয়ে ফেল করেছে, তাই সরকার তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে।
এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। দেখা যাচ্ছে, ২৩ ডিসেম্বরের আগেই তিনটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে।
সরকার একটি সুযোগ দিয়েছে যে, যারা দুটি বিষয়ে খারাপ করেছে, তারা আবার পরীক্ষা দিতে পারবে। কিন্তু সেই পরীক্ষা দিয়ে আসলে লাভ হবে না, যদি তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারে। তাদের আরও এক বছর অপেক্ষা করতে হবে। এতে তারা হতাশায় ভুগবে।
তিনি আরও বলেন, আদালত আদেশ দিয়েছেন, ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান থাকবে। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন আদালত।
পরে সরকার পক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
আইন আদালত থেকে আরো পড়ুন