ছবি সংগৃহীত :
কুমিল্লা জেলায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধঘোষিত বিভিন্ন সংগঠনের ১১৯ জন সদস্য রয়েছেন।
গত বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব কটি ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে ছিলেন। কুমিল্লা মহানগরীসহ জেলার সব কটি থানার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ড বেশি, সেসব এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটক ৬১৭ জনের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৪০১ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বয়স ও সার্বিক দিক বিবেচনায় ২১৬ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফেরাতে জেলা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর তদারকি করা হচ্ছে। কিশোর অপরাধ, চুরি, ছিনতাই এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।
বাংলাদেশ থেকে আরো পড়ুন