ছবি: সংগৃহীত
জাতীয় দলকে ঘিরে সমালোচনা ও নানা বিতর্কের মধ্যে ক্লাব ফুটবলে গোল করে আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলে এগিয়ে যাওয়ার পর আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে আল-নাসর।
তাতে আল-দিরিয়াহকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে সৌদি আরবের ক্লাবটি।
রিয়াদের আল-আউয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আল-নাসর।
প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকেরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো।
দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে দলের পক্ষে প্রথম গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক।
এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮০-এ নিয়ে যাওয়ার কৃতিত্ব দেখান রোনালদো।
পেশাদার ফুটবলে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
রোনালদোর গোলের ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আল-নাসর। ম্যাচের ৩৪তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন সামু কোস্টা। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসর।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্বাগতিকেরা। পিছিয়ে পড়ে ব্যবধান কমানোর চেষ্টা করলেও আল-নাসরের রক্ষণ ভাঙতে পারেনি আল-দিরিয়াহ। উল্টো ম্যাচের ৭৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন কিংসলে কোমান। তার গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আল-নাসরের।
খেলাধুলা থেকে আরো পড়ুন