শিক্ষা

শাবিপ্রবির হলের সিট বরাদ্দে অনিয়মের অভিযোগে উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ১৯:৫৭

শাবিপ্রবির হলের সিট বরাদ্দে অনিয়মের অভিযোগে উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিগত প্রশাসনের সময়ে হলের সিট বরাদ্দে অনিয়ম এবং ২০২৪ সালের ২৬ আগস্ট শিক্ষার্থীদের হল থেকে জোরপূর্বক বিতাড়নের অভিযোগ তুলে  উপাচার্যের সঙ্গে বৈঠক করেছে শাখা ছাত্রদল।

রোববার (৪ অক্টোবর) উপাচার্য কার্যালয়ের এ বৈঠক করেন ছাত্রদলের নেতারা।

বৈঠকে বিজয়-২৪ হল ও সৈয়দ মুজতবা আলী হলের সাবেক প্রভোস্টদের সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা ও সিট বরাদ্দ প্রক্রিয়া অনুসরণ না করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সিট দেওয়ার অভিযোগ উত্থাপন করে ছাত্রদল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা।
 
একই সঙ্গে ভবিষ্যতে হলের সিট বরাদ্দে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান করেন তারা।

এ ছাড়া ২০২৪ সালের ২৬ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের দ্বারা জোরপূর্বক হল থেকে বিতাড়িত করার অভিযোগ তুলে গঠিত তদন্ত কমিটির অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চান ছাত্রদলের নেতারা।

 পাশাপাশি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

ছাত্রদল নেতারা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অতীতের অনিয়ম ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

শিক্ষা থেকে আরো পড়ুন