সিলেট

সিলেটে অপহরণ কলেজছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার 

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৬

সিলেটে অপহরণ কলেজছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার 

খুলনার পাইকগাছায় কলেজছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি মো. ইমরান মোল্যাকে (৩৫) সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। একই অভিযানে অপহৃত ১৭ বছর বয়সী কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমার( ১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন আম্বরখানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খুলনার পাইকগাছা থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি ইমরান মোল্যাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান মোল্যা খুলনা জেলার পাইকগাছা থানার নাসিরপুর এলাকার মো. নান্নু মোল্যার ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ভিকটিম (১৭) পাইকগাছা পৌরসভা এলাকার পাইকগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজে যাতায়াতের পথে ইমরান মোল্যা তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিতেন। এতে ভিকটিম সাড়া না দেওয়ায় তাকে বিভিন্ন সময়ে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত ১৮ আগস্ট ২০২৬ সকালে। ওই দিন আনুমানিক ১০টার দিকে ভিকটিম বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। পরে কলেজ ছুটি হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরবর্তীতে সাক্ষী শাহরিয়ার রাসেলের মাধ্যমে পরিবার জানতে পারে, ১৯ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পাইকগাছা সরকারি কলেজের সামনে পাকা সড়কে ভিকটিম পৌঁছালে ইমরান মোল্যা পূর্বপরিকল্পিতভাবে আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির সহযোগিতায় তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে খুলনার পাইকগাছা থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইমরান মোল্যাকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব-৯।

র‌্যাব-৯ আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন