ছবি: সংগৃহীত
এক দিনে আরো ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা একশ ছাড়াল।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৭ হাজার ১৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০২ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া খুলনা বিভাগে ১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩, ময়মনসিংহ বিভাগে ১০, বরিশালে ৯, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ৪, ঢাকার দুই সিটির বাইরে বিভাগের অন্যান্য এলাকায় ৩ এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছে ডেঙ্গুতে।
গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪১ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকায় আরও ২৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনায় ২৪৬ জন ও ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহী ১১৪, রংপুরে ৩৪ এবং সিলেটে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর মাসের হিসেবে অগাস্টে সবচেয়ে বেশি ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ মাসেই সবচেয়ে বেশি ৪৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।
স্বাস্থ্য থেকে আরো পড়ুন