বিনোদন

সাইফ আলী খানের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়

বিনোদন  ডেস্ক:

বিনোদন ডেস্ক:

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ১৬:০৮

সাইফ আলী খানের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়

ছবি সংগৃহীত :

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম আদালতে দোষ স্বীকার করে নেওয়ার পাশাপাশি দয়া প্রার্থনা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগীয় হেফাজতে থাকা শরিফুল ইসলাম আদালতে এ বিষয়ে একটি আবেদন করেছেন। তার আবেদনের বিষয়ে সরকারি কৌঁসুলির কাছে জবাব চেয়েছেন আদালত।

আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে এ মামলায় অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখ শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্রসহ ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিদেশি আইন ও পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালার সংশ্লিষ্ট ধারাতেও অভিযোগ রয়েছে।

২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। অভিযোগ রয়েছে, শরিফুল ইসলাম সাইফের বাড়িতে ঢুকে তার ছোট ছেলে জেহর ঘরে প্রবেশ করেন।

পরিস্থিতি বুঝতে পেরে সন্তানদের রক্ষা করতে সেখানে গেলে সাইফের ওপর ছুরি নিয়ে হামলা করা হয়। পরে অভিযুক্ত পালিয়ে যান।

হামলায় গুরুতর আহত হন সাইফ। পরে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার কোমর থেকে ছুরির একটি ভাঙা অংশ বের করেন।

প্রায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সাইফকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

মামলাটি নিয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলার মধ্যেই এবার অভিযুক্তের দোষ স্বীকারের ইচ্ছা প্রকাশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিনোদন থেকে আরো পড়ুন