বিশেষ প্রতিবেদন

গোয়াইনঘাটে চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ: দুর্ভোগে  হাজারো মানুষ

বিশেষ প্রতিবেদন :

বিশেষ প্রতিবেদন :

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১৯:১৩

গোয়াইনঘাটে চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ: দুর্ভোগে  হাজারো মানুষ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ বর্তমানে চেয়ারম্যানশূন্য অবস্থায় রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে পরিষদের গুরুত্বপূর্ণ কার্যক্রম। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন জরুরি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের ১৭ হাজার ৬১৮ জন ভোটারসহ সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন আকস্মিকভাবে মারা যান। তাঁর মৃত্যুর পর থেকেই কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে পরিষদটি। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ইউপি সদস্যদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্যানেল নিয়ে বিরোধের কারণে এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের নির্বাচনে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে আলিম উদ্দিনকে ১ম প্যানেল চেয়ারম্যান, ফারুক আহমদ বাবুলকে ২য় প্যানেল চেয়ারম্যান এবং প্রবাসী রাণীকে ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর মূল চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল অনুপস্থিত থাকায় ১ম প্যানেল চেয়ারম্যান হিসেবে আলিম উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। পরবর্তীতে হেলাল চেয়ারম্যানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলে মৃত্যুর আগ পর্যন্ত আলিম উদ্দিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আলিম উদ্দিনের মৃত্যুর পর ২য় প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ বাবুল দায়িত্ব পাওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “যেহেতু ১ম প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন এতদিন দায়িত্ব পালন করেছেন এবং তিনি মারা গেছেন, সেহেতু নিয়ম অনুযায়ী ২য় প্যানেল চেয়ারম্যান হিসেবে আমার কাছেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু অজ্ঞাত কারণে এখনো আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। জনগণের ভোগান্তি দূর করতে দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, ইউপি সদস্য মাসুক আহমদ বর্তমান প্যানেল বাতিল করে নতুন প্যানেল গঠনের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, বিগত সরকারের আমলে গঠিত বর্তমান প্যানেল তাঁরা প্রত্যাখ্যান করছেন। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত নতুন প্যানেল গঠন করে যোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তিনি। এ দাবিতে ইতোমধ্যে পরিষদের সাত সদস্যের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান না থাকায় পরিষদের প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান জানান, চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া অনেক গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ এবং সরকারি অনুদান বিতরণ করা সম্ভব হচ্ছে না। দ্রুত সমাধান না হলে নাগরিক ভোগান্তি আরও বাড়বে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, “চেয়ারম্যান না থাকায় জরুরি কাগজপত্র ও বিভিন্ন সার্টিফিকেটের কাজ করা যাচ্ছে না। প্রতিদিন ইউনিয়ন পরিষদে এসে সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে। আমরা দ্রুত এই সংকটের সমাধান চাই।”

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে উপজেলা প্রশাসন অবগত রয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সেখানে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক সেবা সচল রাখা এবং জনগণের ভোগান্তি দূর করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যু এবং প্যানেল পুনর্গঠন নিয়ে ইউপি সদস্যদের বিরোধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। সচেতন মহলের মতে, জনভোগান্তি নিরসনে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনানুগ ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশেষ প্রতিবেদন থেকে আরো পড়ুন