সিলেট

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ৪ জন শনাক্ত, আক্রান্ত ১০৯

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ ১৮:২২

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ৪ জন শনাক্ত, আক্রান্ত ১০৯

সিলেট বিভাগে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। যদিও এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (২ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া চার রোগীর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, একজন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট আটজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলার হিসাবে হবিগঞ্জে সবচেয়ে বেশি ৫২ জন, সিলেট জেলায় ২৩ জন, সুনামগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে আসা তিনজন রোগীও সিলেট বিভাগের হাসপাতালে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

সিলেট থেকে আরো পড়ুন