খেলাধুলা

উজবেকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

কাভা মেনস ভলিবল

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৭:৫৫

উজবেকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ জুলাই) পাকিস্তানের ইসলামাবাদে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ সেটে জিতেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে হরসিত-মাসুদরা যাত্রা শুরু করেছিল উজবেকিস্তানকেই ৩-২ সেটে হারিয়ে।

তবে সেমি-ফাইনাল হলো একপেশে। শুরুর সেট হরসিত-সুজনরা জিতে নেন ২৫-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রেখে তারা জিতে ২৫-২০ ব্যবধানে।

ম্যাচ বাঁচিয়ে রাখতে তৃতীয় সেটে ঘুরে দাঁড়াতেই হতো উজবেকিস্তানকে। শুরুর দিকে তারা প্রতিরোধও গড়ে কিছুটা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে তাদের প্রতিরোধের দেয়াল ভেদ করে একের পর এক পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। ২৫-১৯ ব্যবধানে জিতে ওঠে শিরোপা মঞ্চে।

চলতি আসরে এ নিয়ে পঞ্চম জয় পেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে পাঁচ ম্যাচের মধ্যে কেবল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল দল; জিতেছিল উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে।

দিনের অন্য সেমি-ফাইনালে, মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ীর দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে বাংলাদেশ নামবে বুধবার।

খেলাধুলা থেকে আরো পড়ুন