সিলেট

শ্রীমঙ্গলে সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে রাস্তায় চা শ্রমিকরা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৬:৪৫

শ্রীমঙ্গলে সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে রাস্তায় চা শ্রমিকরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে এক শ্রমিককে মারধরের প্রতিবাদে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন করেছেন চা শ্রমিকরা।

শনিবার (২৫ জুলাই) সকালে জাগছড়া চা বাগানের কারখানার সামনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি বাগানের শ্রমিক বিরবল প্রজাপতির ওপর হামলার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এ ধরনের ঘটনা শ্রমিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে উল্লেখ করে তারা জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে শ্রমিকদের ওপর হামলা বা হয়রানি প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন— বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, স্থানীয় ইউপি সদস্য মিঠুন সিং রাওতিয়া এবং জাগছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জয়রাম পাশীসহ শ্রমিক নেতারা।

এদিকে, ভুক্তভোগী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত ৩০ জুন রাতে জাগছড়া চা বাগানে শ্রমিক বিরবল প্রজাপতিকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। অভিযোগটির তদন্ত অব্যাহত রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন