বাংলাদেশ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২২ জুন ২০২৬ ২২:১১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। আগামী ৩০ জুন পর্যন্ত জেলায় সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গোপালগঞ্জে সেনা সদস্যরা পৌঁছেছেন। তবে মোতায়েনকৃত সেনা সদস্যদের সংখ্যা বা ইউনিটসংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে টহল জোরদার করেছে পুলিশ। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সেনাবাহিনী পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপালগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আমরা সর্বদা সজাগ রয়েছি।”

বাংলাদেশ থেকে আরো পড়ুন