ছবি সংগৃহীত :
জেলার সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে সবুড়ী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসন পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। অভিযানে ১টি স্টিল নৌকা ও ২টি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এরআগে রোববার (৭ জুন) উপজেলার প্রশাসনের অভিযানের অবৈধ ভাবে উত্তোলিত প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। তবুও থেমে নেই অবৈধ বালু উত্তোলন। ড্রেজার ও শ্যালো মেশিন ব্যবহার করে ফসলী জমি নদীর পাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহৃত রাখে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার আবারো অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করে উপজেলার ডুলটিরপাড় এলাকার সাবড়ী নদীতে উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি স্টিল নৌকা ও ১টি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়। পরে শ্যালো ইঞ্জিনসহ নৌকাটি পানিতে ডুবিয়ে রাখাসহ স্থানীয় একব্যক্তির জিম্মায় রাখা হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, গত অভিযানে "জব্দকৃত বালুর প্রত্যাশিত মূল্য পাওয়ায় নির্ধারিত নিলাম স্থগিত করা হয়। বর্তমানে জব্দ বালুর নিলাম সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন