সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইশহাকপুর এলাকার একটি মার্কেটের কক্ষ থেকে আব্দুর রউফ (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ইশহাকপুর গ্রামের ‘হাজি উস্তার গনি মার্কেট’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রউফ মৃত আয়াজ আলীর ছেলে। তার আগের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা গ্রামে হলেও বর্তমানে তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পারিবারিক কলহের জেরে তিনি দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে একা বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফ গত প্রায় ছয় মাস ধরে ইশহাকপুর গ্রামের হাজি উস্তার গনি মার্কেটের একটি কক্ষে ভাড়া থেকে পরিত্যক্ত মালামাল (ভাঙারি) সংগ্রহ ও বিক্রির কাজ করতেন। গত শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলের পর থেকে স্থানীয়রা তাকে আর ঘরের বাইরে বের হতে দেখেননি। রোববার দুপুর ১২টার দিকে আশপাশের লোকজনের সন্দেহ হলে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের পেছনের ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে উঁকি দিলে তাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়রা জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক বলেন, তার ভাইয়ের দুই সংসার মিলে দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। তবে স্ত্রী-সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কারও সঙ্গেই থাকতেন না এবং একাকী জীবনযাপন করতেন। মৃত্যুর খবর পেয়ে তার বড় ছেলে স্বজনদের জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের ভাইয়ের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.