ছবি: সংগৃহীত
রিয়াদের তেল ও অর্থনৈতিক অবকাঠামোয় ইয়েমেনের হুতিদের হামলা বাড়ছে। এমন প্রেক্ষাপটে প্রতিশ্রুত প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় পাকিস্তান সৌদি আরবে সেনা পাঠিয়েছে।
রোববার (২৯ নভেম্বর) এ কথা জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়া সেনাদের শনিবারের (২৮ নভেম্বর) বিদায় অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি, পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বোখারি এবং পাকিস্তান সেনাবাহিনীর লাহোর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ উমর বশির উপস্থিত ছিলেন।
ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক করে তেলসমৃদ্ধ সৌদি আরবকে রক্ষায় তাদের সমর্থন পুনর্ব্যক্ত করার কয়েকদিন পরই সেনা পাঠানোর হলো।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই সেনা মোতায়েন সৌদি আরবের রাজতন্ত্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের অবিচল অঙ্গীকারের প্রতিফলন, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনে আবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, রাজতন্ত্রের নিরাপত্তা ও হারামাইন শরিফাইনের (মক্কা ও মদিনার দুই পবিত্র স্থান) পবিত্রতা রক্ষায় পাকিস্তান তার অঙ্গীকারে অটল রয়েছে।
সেনাবাহিনীর ভাষ্য, প্রতিশ্রুত প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সৌদি ভূখণ্ডের ভেতরে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন ওই সেনারা।
বিবৃতিতে যোগ করা হয়, উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই সেনা মোতায়েন রাজতন্ত্রের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারে অবদান রাখবে।
তৃতীয় কোনো দেশের হামলার ক্ষেত্রে একে অপরকে রক্ষায় গত বছর যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান ও সৌদি আরব। এরই ধারাবাহিকতায় গত আগস্টে মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেন।
যৌথ প্রতিরোধ ও প্রতিরক্ষার মাধ্যমে তিন দেশের নিরাপত্তা জোরদার করাই এ চুক্তির লক্ষ্য।
আইটি ল্যাব সলিউশন্স লি.