প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ১৪:৩০ (সোমবার)
নিজেরা আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: এম এ মালিক

নিজের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে দায়ী করেছেন বর্তমান সংসদ সদস্য এম এ মালিক। একই সঙ্গে কামালবাজারে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে গুলি ও অগ্নিসংযোগের জন্যও হাবিবকে দায়ী করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার তেতলিতে নিজের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এম এ মালিক।

সংবাদ সম্মেলনে এম এ মালিক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের এক সমর্থক তাঁকে জানিয়েছেন, হাবিবুর রহমান হাবিবের বাড়িতে নিজেরাই আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তিনি বলেন, শনিবার (২৮ নভেম্বর) বিএনপির প্রতিটি ইউনিটকে শান্তিপূর্ণ মিছিল ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে মোল্লারগাঁও ও কামালবাজার ইউনিয়ন বিএনপি মিছিল বের করে। কিন্তু কামালবাজারে হাবিবুর রহমান হাবিবের নির্দেশে মিছিলে গুলি চালানো এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, মসজিদকে ব্যবহার করে অগ্নিসন্ত্রাস চালানো হয়েছে।

নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার বিষয়ে এম এ মালিক বলেন, হামলার আগেই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাঁকে সতর্ক করা হয়েছিল। এ কারণে বাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা হয়। সেটি থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে এবং বাড়িটি রক্ষা পেয়েছে। অন্যথায় পুরো বাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

এম এ মালিক আরও দাবি করেন, গত নয় মাসে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। অতীতে বিএনপি নেতাকর্মীরা নির্যাতনের শিকার হলেও তাঁরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। এ সময়ে সব সম্প্রদায়ের মানুষের সামাজিক সুরক্ষা ও নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ নভেম্বর) ভোরে ও সন্ধ্যায় সিলেট-৩ আসনের বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আক্রান্ত হন বর্তমান সংসদ সদস্য এম এ মালিক এবং একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়ি।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি।