সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক গৃহবধূ। সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের পরিবারে চার নবজাতকের আগমনে বইছে আনন্দের বন্যা। বর্তমানে মা ও চার নবজাতক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।
প্রবাসী সাইদুল ইসলাম রিজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। একসঙ্গে চার সন্তানের বাবা-মা হওয়ার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে চার নবজাতককে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। মা ও নবজাতকেরা ভালো আছেন।
বিষয়টি নিশ্চিত করে সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ বলেন, মা ও চার নবজাতক ভালো আছেন। এমন আনন্দের খবরে পরিবারের সবাই খুশি।
এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আনন্দের সৃষ্টি হয়। নবজাতক ও তাদের মায়ের সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন অনেকে।
আইটি ল্যাব সলিউশন্স লি.