প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩৬ (শনিবার)
ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১ 

ছবি: সংগৃহীত

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে গোষ্ঠীটি।

তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে আল-তুরবাহ শহরে এ হামলার ঘটনা ঘটে।

হুথি-সমর্থিত বার্তা সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
তাদের উদ্ধারে অভিযান চলছে।
তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এদিকে একই দিন সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে হুতিদের ছোড়া একটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।
 
এমন এক সময়ে ইয়েমেনে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যখন দেশটিতে হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সৌদি আরবের একটি বড় তেল শোধনাগারে হামলার ঘটনার পর পাল্টাপাল্টি হামলার উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পাশাপাশি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর ফলে ২০২২ সালে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিও ভেঙে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় ১৩ হাজার ৩৪৩ জন নিহত বা আহত হয়েছেন। দীর্ঘদিনের সংঘাত, নিরাপত্তাহীনতা ও অব্যাহত সহিংসতায় দেশটিতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।