প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৪৪ (শনিবার)
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা লুট

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকান থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ছাড়া বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করছে।

জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, একই কৌশলে কয়েক বছর আগেও চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি দোকানমালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।