প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩১ (শনিবার)
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

শুক্রবার (২৭ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলেন বাংলাদেশের পেসার রিপন মন্ডল। তার বোলিং তোপে মাত্র ২১ রানের মধ্যে দুই উইকেট হারায় পাকিস্তান। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলের হাল ধরেন হাসান নাওয়াজ ও শাহজাইব খান।

তৃতীয় উইকেটে দুজনের ১১০ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথে ফিরিয়ে আনে। ৯১ বলে ৬০ রান করে নাওয়াজ আউট হন। এরপর ৫০ রান করে বিদায় নেন শাহজাইব। দলীয় ১৫০ রানে এই জুটি ভাঙলেও পাকিস্তানের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

পরবর্তী সময়ে আবদুল সামাদ ৩৩ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন। তার বিদায়ের পর ফারহান ইউসাফ ও রোহাইল নাজির বাকি কাজ সম্পন্ন করেন। শেষ পর্যন্ত ২৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেন দিপুর দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন দিপু।

তবে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। দলীয় ১৫ রানেই সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় তারা। এরপর শাহাদাত হোসেন দিপু ও মাহিদুল ইসলাম ৯৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। মাহিদুল ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হন।

এরপর দিপুকে বড় কোনো জুটি উপহার দিতে পারেননি অন্য ব্যাটাররা। আফিফ হোসেন ৫ ও সাব্বির রহমান শূন্য রানে বিদায় নেন। এসএম মেহরব ২৮ রান করে দিপুর সঙ্গে ৫২ রানের জুটি গড়লেও তা দলের রান বাড়ানোর জন্য যথেষ্ট ছিল না। রাকিবুল হাসান করেন ১০ এবং রিপন মন্ডল যোগ করেন ১৯ রান।

দিপুর সেঞ্চুরির পরও বাংলাদেশের সংগ্রহ পাকিস্তানের সামনে যথেষ্ট হয়ে ওঠেনি। ফলে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান।