সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একাধিক মুড়ি বই জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমান ও এসআই (নিরস্ত্র) সুবিনয় বৈদ্যসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই সিএনজি স্ট্যান্ডসংলগ্ন জসিম উদ্দিনের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে।
এ সময় শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোকানমালিক জসিম উদ্দিন (৪২) ও মো. মোশারফ (৩১) নামে দুজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ (৪০) নামে অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন নম্বর লেখা একাধিক মুড়ি বই উদ্ধার করা হয়। পরে রাত ৮টা ৩৫ মিনিটে জব্দতালিকা মূলে এসব সামগ্রী জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (২৮ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.