প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৩:৫৭ (শনিবার)
প্রতিদিনের যেসব কাজকে শরীরের সদকা বলেছেন মহানবী (সা.)

ছবি সংগৃহীত :

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, সূর্য উদিত হয় এমন প্রতিটি দিনেই শরীরের প্রতিটি (হাড়ের) জোড়ার জন্য মানুষের সদকা করা আবশ্যক। দুই ব্যক্তির মধ্যে ন্যায় স্থাপন করা একটি সদকা, কোন ব্যক্তিকে তার বাহনে উঠতে সাহায্য করা সদকা, অথবা তার মাল বাহনে তুলে দেওয়া সদকা, ভালো কথা বলা সদকা, সালাতের জন্য প্রতিটি পদক্ষেপ সদকা এবং পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা। ( সহিহ বুখারি ও মুসলিম)

 

নবীজি (সা.) বর্ণনা করেছেন যে, মানুষকে এবং তার শরীরের প্রতিটি হাড় ও হাড়ের গিরা সুস্থ রাখার বিনিময়ে প্রত্যেক প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য আল্লাহর তায়ালার কাছে শুকরিয়া আদায় করা উচিত এবং শুকরিয়া হিসেবে প্রতিদিন সদকা করা আবশ্যক। 

এ কারণেও শুকরিয়া আদায় ও সদকা করা উচিত যে আল্লাহ তায়ালা মানুষের হাড়গুলোকে বিভিন্ন গিরাতে বিভক্ত করেছেন, যেন মানুষ সেগুলোকে সংকোচন ও প্রসারণ করতে পারে। 

সুস্থতার জন্য যে সদকা করার কথা বলা হয়েছে হাদিসে তা যে শুধু  টাকা, পয়সা বা অর্থ দানের মাধ্যমে করতে হবে তা নয় বা সদকা শুধু টাকা দানের ওপর নির্ভরশীল নয়, বরং হাদিসে বলা হয়েছে, এই দান হতে পারে সব ধরণের নেক আমলের মাধ্যমে। এই নেক আমলের মধ্যে অন্যতম হলো, দুজন ব্যক্তির মধ্যে ন্যায় সঙ্গত ফয়সালা বা তাদের ঝগড়া মিটিয়ে দেওয়া। এই কাজটিও একটি সদকার অন্তর্ভুক্ত। 

এছাড়া কোনো অপারগ ব্যক্তিকে তার বাহনে উঠার ক্ষেত্রে সহযোগিতা করা অথবা তার মালগুলো তুলে দেওয়াও একটি সদকা। এর বাইরে জিকির, দোয়া, সালাম এবং মানুষের সঙ্গে ভালো ও উত্তমভাবে কথা বলাও সদকা। এবং মানুষ প্রতিদিন নামাজ পড়তে যে মসজিদে যায়, যাওয়ার প্রতিটি পদক্ষেপও সদকা। এবং মানুষকে কষ্ট দেয় এমন বস্তু পথ থেকে দূর করা একটি সদকা। 

হাদীসের শিক্ষা


* মানুষের হাড়ের গঠন এবং সুস্থতা তার উপর মহান আল্লাহ তায়ালার সবচেয়ে বড় নিয়ামতগুলির মধ্যে অন্যতম। তাই বিশেষভাবে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তার প্রতিটি হাড়ের পক্ষ থেকে সদকা করা প্রয়োজন। এ নিয়ামত অব্যাহত থাকার জন্য প্রতিদিন শুকরিয়া নবায়ন করার প্রতি উৎসাহ প্রদান। 


* প্রতিদিন নফল আমল ও সদকার প্রতি অটল থাকার প্রতি উৎসাহ প্রদান। মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়ার ফজিলত।
ব্যক্তিকে তার ভাইকে সহযোগিতার প্রতি উৎসাহ প্রদান; কেননা তাকে সহযোগিতা করাও সদকা।


* জামাতে নামাজের জন্র উপস্থিত হওয়া এবং সেখানে পায়ে হেঁটে গমন করা এবং এভাবে মসজিদ আবাদ রাখার প্রতি উৎসাহ প্রদান।

* কষ্ট দেয় বা ক্ষতি করে এমন কিছু দূরীকরণের মাধ্যমে মুসলিমদের পথকে সম্মান করা আবশ্যক।