দীর্ঘ আট বছর পর বহুল প্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (২৮ নভেম্বর)। সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই নারী-পুরুষ শ্রমিকরা লাইনে দাঁড়িয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার, একজন পোলিং অফিসার ও একজন সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া সীমান্তবর্তী কয়েকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ১৬৭টি মূল ও ৬৪টি ফাঁড়ি চা বাগান রয়েছে। প্রতিটি বাগানে একটি করে পঞ্চায়েত রয়েছে। এসব পঞ্চায়েতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের প্যানেল নির্বাচিত হবে। একই দিনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দেশের সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রায় ১০ লাখ চা শ্রমিকের মধ্যে নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়ে। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ১ লাখ ৪ হাজার।
হবিগঞ্জ জেলায় মূল ও ফাঁড়ি মিলিয়ে রয়েছে ৪১টি চা বাগান। এসব বাগানের সরকারি ও বাগান পরিচালিত বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালি হলো—লস্করপুর, বালিশিরা, মনু-ধলাই, লংলা, জুড়ি, সিলেট ও চট্টগ্রাম। প্রতিটি ভ্যালির অধীনে রয়েছে ২৫ থেকে ৩০টি বাগান পঞ্চায়েত।
বাগান পর্যায়ে পঞ্চায়েত শ্রমিকদের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি পৃথক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার ৪১টি চা বাগানে নির্বাচনের আগে ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। শ্রমিকদের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি পৃথক ইশতেহারও ঘোষণা করেছে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো। শ্রমিকরা এসব ইশতেহারকে স্বাগত জানিয়ে নির্বাচিত নেতৃত্বের কাছে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন প্রত্যাশা করছেন।
চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। পরবর্তী সময়ে ২০২১ ও ২০২৪ সালের নির্ধারিত নির্বাচন নানা জটিলতায় অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির মধ্যে ২০২২ সালে মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ আন্দোলন করেন চা শ্রমিকরা। ওই আন্দোলনের পর দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়।
হবিগঞ্জের ৪১টি চা বাগানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সীমান্তবর্তী কয়েকটি কেন্দ্রে বিজিবি মোতায়েনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান সেলিম বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে নিজেদের নেতৃত্ব নির্বাচন করতে পারেন, সে লক্ষ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে বাগান কর্তৃপক্ষ।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ। তবে শ্রমিকদের কাছে এ নির্বাচন শুধু নতুন নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়; বরং দীর্ঘদিনের বঞ্চনা, দাবি-দাওয়া ও অধিকার আদায়ে নতুন প্রত্যাশার প্রতিফলন। নির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা চা শ্রমিকদের।
আইটি ল্যাব সলিউশন্স লি.