প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৪১ (শনিবার)
ঢাকার মঞ্চে ওটিলিয়ার ঝড়, গানে-নাচে মাতলেন দর্শক

ছবি: সংগৃহীত

জনপ্রিয় গান ‘বিলিয়নেরা’র সুরে শুরু, এরপর একের পর এক পরিবেশনা। সঙ্গে ওয়েস্টার্ন ধাঁচের নাচ আর মঞ্চজুড়ে প্রাণবন্ত উপস্থিতি।

সব মিলিয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমারের পরিবেশনায় শুক্রবার রাতে উৎসবের আমেজে মেতে ওঠেন ঢাকার দর্শক।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে মঞ্চে ওঠেন ওটিলিয়া।

তাকে স্বাগত জানাতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুরুতেই পরিবেশন করেন বিশ্বজুড়ে পরিচিত তার গান ‘বিলিয়নেরা’।

এরপর ‘ডায়ামান্তে’সহ জনপ্রিয় গান শোনান তিনি। গানের তালে তার নাচ এবং সঙ্গে থাকা ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের পরিবেশনা দর্শকদের মাতিয়ে রাখে।

প্রায় এক ঘণ্টার পরিবেশনায় পুরোনো জনপ্রিয় গানের পাশাপাশি নতুন গানও শোনান এই শিল্পী। ঢাকায় এসে নতুন গান প্রকাশের যে ইঙ্গিত দিয়েছিলেন, মঞ্চে সেটিও পূরণ করেন তিনি। নতুন গান পরিবেশনের আগে দর্শকদের ‘আগুন’ বলে সম্বোধন করেন। গানটি ছড়িয়ে দিতে এবং পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান।

পরিবেশনার ফাঁকে দর্শকদের সঙ্গে কথাও বলেন ওটিলিয়া। তাদের উপস্থিতি ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান। একপর্যায়ে দর্শকসারিতে থাকা এক নারীর নাম জানতে চান। ওই নারীসহ বাংলাদেশের নারীদের সুন্দরী আখ্যা দিয়ে তাকে ভাগ্যবতী বলেও মন্তব্য করেন। এরপর আবার গানে-নাচে মেতে ওঠেন।

বাংলাদেশের খাবারের প্রসঙ্গেও কথা বলেন ওটিলিয়া। প্রশংসা করেন দেশের স্ট্রিট ফুডের। পরে পরিবেশন করেন পপ তারকা শাকিরার জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’। এ সময় দর্শকদেরও তার সঙ্গে গলা মেলাতে বলেন। পরিচিত গানের সুরে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরাও। পাশাপাশি একটি পাঞ্জাবি গানও পরিবেশন করেন তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা ভাইব ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। রাত ৮টায় মঞ্চে আসে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। ফুয়াদের কম্পোজিশনে গান পরিবেশন করেন তাসফি ও হাসিব। তাদের পরিবেশনার পর মঞ্চে আসেন ওটিলিয়া।
 
অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের কর্ণধার নাঈম আশরাফকে মঞ্চে আমন্ত্রণ জানান এই সংগীতশিল্পী। আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। পরে নাঈম আশরাফ দর্শকদের সঙ্গে কথা বলেন এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্পন্সর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও ধন্যবাদ জানান তিনি।

ওটিলিয়ার এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০২২ সালে ঢাকায় একটি কনসার্টে গান পরিবেশন করেছিলেন তিনি।

১৯৯২ সালে রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পান তিনি। গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।