মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসতে শুরু করেছে শীত। এক দিনের ব্যবধানে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এতে সন্ধ্যা ও ভোরে শীতের অনুভূতি বাড়লেও দিনের বেলায় রোদের কারণে কিছুটা স্বস্তি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামার পর থেকেই জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতাও বাড়ছে। বিশেষ করে ভোরের দিকে শীতের প্রভাব বেশি অনুভূত হচ্ছে।
শনিবার সকালে শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় হালকা শীতের আবহে শুরু হয় দিনের কর্মব্যস্ততা। শীতের প্রভাব বেশি অনুভব করছেন ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-বাগানের শ্রমিক, রিকশাচালক ও দিনমজুররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়ায় কমে আসছে শীতের অনুভূতি।
স্থানীয়দের মতে, অন্যান্য বছরের তুলনায় এবার এখনো শীতের তীব্রতা কিছুটা কম। তবে তাপমাত্রার দ্রুত নিম্নগতি শীতের আগমনী বার্তা দিচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
তাপমাত্রা কমতে থাকায় শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় শীতের আমেজ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.