সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি। তিনি বলেন, গত ৫৫ বছরে নগরীতে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। বাকি সড়ক উন্নয়নে আরও ৫৫ বছর অপেক্ষা না করে আগামী পাঁচ বছরের মধ্যেই পুরো সড়ক অবকাঠামোর উন্নয়নকাজ শেষ করতে চায় সরকার।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সিলেট নগরীর মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত টেক্সটাইল রোডের উন্নয়নকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ৮০০ কিলোমিটার। দীর্ঘদিনের অবকাঠামোগত ঘাটতি কাটিয়ে নগরীর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
টেক্সটাইল রোডের উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে তিনি বলেন, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই পর্যায়ে উন্নয়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে এক হাজার ৪৮০ মিটার সড়কের কাজ শেষ হয়েছে।
আগে সড়কটির প্রস্থ ছিল ১৮ ফুট, এখন তা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। পাশাপাশি এক হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে।
সড়কের দুই পাশে ড্রেন, ফুটপাত ও সীমানাপ্রাচীর নির্মাণের ফলে এলাকার যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা আরও উন্নত হবে বলেও জানান তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.