সিলেট মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মহানগর ছাত্রদল। নোটিশে তাঁদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত পৃথক নোটিশের মাধ্যমে তাঁদের এ নির্দেশ দেওয়া হয়।
শোকজপ্রাপ্ত নেতারা হলেন—শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাহেল, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাসিত এবং একই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন।
নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জনবিষয়ক আলোচনা সভাসহ সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁরা অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁদের কাছে সাংগঠনিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে তাঁদের।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব।
আইটি ল্যাব সলিউশন্স লি.