প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৬:১৪ (শুক্রবার)
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ছবি সংগৃহীত :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এ পর্যন্ত দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।