প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৬:০৬ (শুক্রবার)
সুরমা নদীতে নৌকাডুবি: নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে মোবাশ্বিরের মরদেহ উদ্ধারের পর শুক্রবার সকালে নদীতে ভেসে ওঠে অপর শ্রমিক মারুফের মরদেহ।

নিহতরা হলেন, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী নৌকায় হঠাৎ পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে ডুবে যায়।

নৌকাটির ধারণক্ষমতা ছিল ৬৫০ ফুট। দুর্ঘটনার সময় নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন মোবাশ্বির ও মারুফ। নৌকাটি ডুবে যাওয়ায় তারা পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার দুপুরে মোবাশ্বিরের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার সকালে সুরমা নদীতে মারুফের মরদেহ ভেসে ওঠে।

এ ঘটনায় নৌকায় থাকা অপর চার শ্রমিকের মধ্যে মোস্তাকিম (২২) ও সুমন (২০) আহত হন। পরে তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক নৌকাডুবি ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান পরিচালনার এ তথ্য  নিশ্চিত করেছিলেন।