প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ (শুক্রবার)
হবিগঞ্জে তাতীলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জের বাহুবলে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে উপজেলা তাতীলীগের আহ্বায়ক ও জেলা তাতীলীগের সদস্য রাসেল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজার-সাটিয়াজুরী সড়কের রিয়াদ ব্রিকস ফিল্ডের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনি বাহুবল উপজেলা তাতীলীগের আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা তাতীলীগের সদস্য। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নতুন বাজার-সাটিয়াজুরী সড়কের রিয়াদ ব্রিকস ফিল্ডের সামনে রাসেল মিয়া ও তাঁর সহযোগীরা দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি এবং সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল মিয়ার সহযোগীরা পালিয়ে গেলেও তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে উপজেলা তাতীলীগের আহ্বায়ক রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাঁর সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।