ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন ১১২ জন বাংলাদেশি দক্ষ কর্মী।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব কর্মীকে পাঠানো হচ্ছে। তারা মালয়েশিয়ার আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচিত কর্মীদের বিমানভাড়া, যাতায়াতসহ মালয়েশিয়া যাওয়ার যাবতীয় খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কোনো ধরনের খরচ ছাড়াই বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন তারা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ধাপে ধাপে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর এ উদ্যোগকে বাংলাদেশের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, প্রক্রিয়াটি সফলভাবে এগিয়ে গেলে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.