প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:০৮ (বৃহস্পতিবার)
এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ছবি সংগৃহীত :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শহরের আনন্দবাজার সংলগ্ন হোসেনপুর এলাকার বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে বাড়ির বারান্দায় থাকা চেয়ার-টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির পেশাজীবীবিষয়ক সহ-সম্পাদক। তিনি গত নির্বাচনে নেত্রকোনা-২ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ফাহিম রহমান খান পাঠান বলেন, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পোস্টের মন্তব্যে আওয়ামী লীগের কর্মীরা তাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় আগুন ধরিয়ে দেয়

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ভোরের দিকে আগুনের ধোঁয়ায় পুরো ঘর ভরে গেলে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে আমরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে বারান্দায় থাকা চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং রাষ্ট্রের কাছে আমাদের জানমালের নিরাপত্তা চাই। বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী থানায় লিখিত অভিযোগ দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি অগ্নিসংযোগের ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।