প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৩৭ (বৃহস্পতিবার)
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে  আটক করে পুলিশে দিল ছাত্রদল

সিলেটের কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদনান সামীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) উছমান গনী।

আটক আদনান সামী ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু বলেন, আদনান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পাশাপাশি একজন সক্রিয় কর্মী। সে বর্তমান প্রেক্ষাপটেও শেখ হাসিনার পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছিল। আমরা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। তবে তাকে কোনো ধরনের মারধর বা নির্যাতন করা হয়নি।

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদলের পদ হারালেন এস এম নয়ন

আদনান সামীকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে তার চাচাতো ভাই লিটন আহমদ বলেন, আদনান কখনোই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল না। সে মূলত ওয়াইফাইয়ের (ইন্টারনেট) ব্যবসা করে। ঘটনার সময় সে আমার দোকানেই বসা ছিল। উপজেলা শ্রমিক লীগের এক নেতা তাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার কথা বলে কৌশলে টুকেরবাজারে ডেকে নিয়ে যায়। সেখানে ‘মব’ সৃষ্টি করে ও নির্যাতন চালিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী  বলেন, আটক আদনান সামী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশকে খবর দেন। এ সময় তারা ঘটনাস্থলে ব্যারিকেড দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় আদনান সামীকে নিজেদের হেফাজতে নেয়। এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।