প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৯:৩৬ (বুধবার)
হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১২ শিশু।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একশিশু ও খুলনা বিভাগে একশিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৬৩ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৪ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৭৪ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ৩৩ হাজার ২৫৯ শিশু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৪ হাজার ২৮৭ শিশু।