ছবি: সংগৃহীত
ব্রুনাইয়ে বিভিন্ন খাতে ৩৭০ জন পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সরকারি ব্যবস্থাপনায় নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, ফোরম্যান, গাড়ির মেকানিক, ড্রাইভারসহ বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি গত ২২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আবেদন করার সুযোগ থাকবে না।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের (https://www.oep.gov.bd/job-circulars) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা, এর সঙ্গে সার্ভিস চার্জ যুক্ত হবে। আবেদন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকাংশ পদে দৈনিক মজুরি ২০ ব্রুনাই ডলার। তবে ইলেকট্রিশিয়ান পদে দৈনিক ২২ ব্রুনাই ডলার দেওয়া হবে। গাড়ির মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৬৫০ ব্রুনাই ডলার।
সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দেওয়া হবে কন্ট্রাক্টর জুসমিলারিয়া অ্যান্ড কেলুয়ার্গা কোম্পানিতে। প্রতিষ্ঠানটিতে ফোরম্যান, নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, রং মিস্ত্রী ও প্লাম্বার পদে মোট ১১০ জন নেওয়া হবে। এর মধ্যে শুধু নির্মাণশ্রমিক পদেই নিয়োগ পাবেন ৮০ জন।
এ ছাড়া সি-টেক এসডিএন বিএইচডিতে ৩৬ জন নির্মাণশ্রমিক, সুজানা গুরু কন্ট্রাক্টরে ৫০ জন শ্রমিক, সহকারী শ্রমিক ও রাজমিস্ত্রী এবং দামুদা কনস্ট্রাকশনে ২৫ জন নির্মাণশ্রমিক নিয়োগ দেওয়া হবে। অন্যান্য প্রতিষ্ঠানেও সাধারণ শ্রমিকের পাশাপাশি দক্ষ কারিগরি পেশায় কর্মী নেওয়া হবে।
পদ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তবে কয়েকটি পদের ক্ষেত্রে বয়সসীমায় ভিন্নতা রয়েছে। কিছু পদে ২০ থেকে ৪৫ বছর, গাড়ির মেকানিক পদে ২৫ থেকে ৪০ বছর এবং দামুদা কনস্ট্রাকশনের নির্মাণশ্রমিক পদে ২১ থেকে ৩৩ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা পদভেদে প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ প্রার্থীদের নিয়োগকর্তারা বিশেষ অগ্রাধিকার দিতে পারেন।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের শ্রমচুক্তি হবে, যা নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। কর্মীদের আবাসন খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। তবে খাবারের ব্যয় নিজেদের বহন করতে হবে কর্মীদের। বিমান ভাড়া বহন করবেন নিয়োগকর্তা।
এ ছাড়া ওভারটাইম, চিকিৎসা, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগকর্তার চূড়ান্ত নির্বাচনের পর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।
দক্ষ কর্মীদের জন্য সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি ও আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৮৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আধা-দক্ষ ও অদক্ষ কর্মীদের ক্ষেত্রে এ খরচ ৪৬ হাজার ৮৫০ টাকা।
নির্ধারিত অর্থ সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ নামে পে-অর্ডার করে জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি এবং বাংলাদেশে মেডিকেল পরীক্ষার খরচও প্রার্থীকে বহন করতে হবে।
অনলাইনে আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হবে। এরপর নিয়োগকর্তা প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করবেন। চূড়ান্ত সাক্ষাৎকারের সময়সূচি বোয়েসেলের ওয়েবসাইট অথবা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) নির্ধারিত ০১৫৫২১৪৬৪৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
সাক্ষাৎকারে অংশ নেওয়ার সময় প্রার্থীদের মূল পাসপোর্ট, ইংরেজিতে তৈরি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
তবে আবেদন করা, সাক্ষাৎকারে অংশ নেওয়া কিংবা প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়। কর্মী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগকর্তা বা তাঁর প্রতিনিধির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বোয়েসেল জানিয়েছে, ব্রুনাইয়ে কর্মী নিয়োগের জন্য তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। প্রতিষ্ঠানটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না। তাই নিয়োগের নামে কাউকে নগদ টাকা না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
সাক্ষাৎকারের সময়সূচি ও নির্বাচিত প্রার্থীদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইটের নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি নির্ধারিত পোর্টাল থেকে এসএমএস পাঠানো হবে। অন্য কোনো নম্বর বা আইডি থেকে আসা বার্তায় বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোয়েসেলের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমুন নাহার।
বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের প্রবাসী কল্যাণ ভবনের নবম তলা, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় যোগাযোগ করা যাবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.