হবিগঞ্জের বানিয়াচঙ্গে নাশকতার চেষ্টার অভিযোগে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, মশাল ও যুবলীগের ব্যানারসহ মেহেদী হাসান ইমন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইমন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী।
আটক ইমন বানিয়াচং উপজেলার দোকানটুলা মহল্লার নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফখানী এলাকায় কয়েকজন যুবক ব্যানার, মশাল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম নিয়ে নাশকতার চেষ্টা করছিলেন। গোপন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। এ সময় মেহেদী হাসান ইমনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থল থেকে চারটি আগুনের মশাল, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং যুবলীগের একটি ব্যানার উদ্ধার করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ইমনকে বুধবার আদালতে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.