প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৫:২৮ (বুধবার)
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা মোকাবিলায় করা তদন্তের ফল বুধবার (২৫ নভেম্বর) প্রকাশ হতে পারে। নতুন শুল্ক আগের আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

শুল্কের হার দেশভেদে আলাদা হতে পারে। চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তির শুল্কসীমা বজায় রাখার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্কসীমা ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ। চীনের পণ্যে দ্বিতীয় মেয়াদের শুল্ক ২০ শতাংশের মধ্যে রাখার কথা, তবে দুই দেশের বাণিজ্য সমঝোতা নবায়ন না হলে তা বাড়তে পারে।

সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য দায়ী দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে। তবে উৎপাদন কমাতে পদক্ষেপ নিলে দেশগুলো কম শুল্কের সুযোগ পেতে পারে।

নতুন শুল্ক পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। দুই দেশের অন্তর্বর্তী সমঝোতার মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হওয়ার কথা। এদিকে ট্রাম্পের শুল্কনীতি যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়ানো ও বিশ্ব অর্থনীতির ক্ষতি করার অভিযোগে সমালোচিত হচ্ছে।