প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২০:০৭ (বুধবার)
সিলেটে বিএনপির গণমিছিল সফল করতে গোয়াইনঘাটে এম এ মতিনের নেতৃত্বে মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে এর প্রতিবাদে সিলেটে আয়োজিত গণমিছিল সফল করতে গোয়াইনঘাটে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন।

মিছিলে নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সাংগঠনিক অবস্থান তুলে ধরেন।

সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল সফল করার লক্ষ্যে নন্দিরগাঁও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।